জাব পোকা (Aphids)

 

জাব পোকা (Aphids)

পোষক:- সীম, বরবটি, ঢেঁড়শ, করলা, পেয়ারা, কুল, লেবু, আম, করমচা, জলপাই, বেগুন,কুমড়া জাতীয় সবজি  প্রভৃতি গাছে এ পোকার আক্রমণ দেখা যায়।

লক্ষণ:

১. পূর্ণবয়স্ক ও নিম্ফ উভয়েই  গাছের কচি পাতা, কচি কান্ড, ফুল ও ফলের কুঁড়ি, বোঁটা এবং ফলের কচি অংশের রস চুষে খায়।

২. ধীরে ধীরে গাছ দুর্বল ও পরে হলুদ হয়ে যায়।

৩. গাছে ফুল ও ফল অবস্থায় আক্রমণ হলে ফুলের কুঁড়ি ও কচি ফল ঝরে পড়ে।

৪. আক্রমণের মাত্রা বেশি হলে কচি ডগা মরে যায়।

৫. জাব পোকা কুমড়া জাতীয় সবজিতে মোজাইক রোগ ছড়ায়।

৬. আক্রমণ বেশি হলে শুটি মোল্ড রোগে আক্রমণ ঘটে এবং পাতায় কালো আবরণ দেখা যায় ।

 


নিরাপদ ফসল উৎপাদন ব্যবস্থাপনা:

১. প্রাথমিক অবস্থায় আক্রান্ত পাতা ও ডগার জাব পোকা হাত দিয়ে পিষে মেরে ফেলা যায়।

২. লেডিবার্ড বিটলের পূর্ণাঙ্গ পোকা ও কীড়া এবং সিরফিড ফ্লাই এর কীড়া জাব পোকা খেয়ে প্রাকৃতিকভাবে দমন করে। সুতরাং উপরোক্ত বন্ধু পোকা সমূহ সংরক্ষণ করলে এ পোকার আক্রমণ অনেকাংশে কমানো যায়।

জৈব বালাইনাশক দ্বারা দমন:

১.  প্রতি লিটার পানিতে ১ মি.লি হারে বায়োনিম প্লাস অথবা, প্রতি লিটার পানিতে ৩ মিঃলিঃ নিমবিসিডিন মিশিয়ে সাপ্তহে ২ বার স্প্রে করা।

২. নিম বীজের দ্রবণ (১ কেজি পরিমাণ অর্ধভাঙ্গা নিম বীজ ১০ লিটার পানিতে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে তাতে ২ চা চামচ গুড়া সাবান মিশিয়ে দ্রবণ তৈরি করা হয়)  স্প্রে করে এ পোকার আক্রমণ অনেকাংশে কমানো যায়।

৩. এক লিটার পানিতে ২ চা চামচ সাবান গুড়া মিশিয়ে স্প্রে করলে জাব পোকা দমন করা যায়।

সাবান পানি দ্বারা দমনঃ

 দুই লিটার পানিতে ২৫০ গ্রাম কাপড় কাঁচার সাবান টুকরো করে মিশিয়ে, সাবান গলে না যাওয়া পর্যন্ত  সিদ্ধ করে, তাতে ৪ লিটার কেরোসিন মিশিয়ে পাঁচ-ছয় মিনিট পর্যন্ত খুব করে নাড়াতে হবে। এবার মিশ্রণটিতে ১৫ লিটার পানি মিশিয়ে আক্রান্ত ক্ষেতে স্প্রে করে  এই পোকা দমন করা যায়।

রাসায়নিক পদ্ধতিতে দমন:

আক্রমণ মাত্রা বেশি হলে শুধুমাত্র আক্রান্ত স্থানে কীটনাশক প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে নিচে উল্লেখিত যেকোন একটি কীটনাশক ব্যবহার করুন। যেমন– একতারা-২৫ ডব্লিউজি ০.২ গ্রাম/লিটার পানি/ স্টার্টার-৪০ ইসি ২ মিলি/লিটার পানি / কার্টাপ্রিড-৯৫ এসপি ০.৫ গ্রাম/লিটার পানি / লিবাসিড-৫০ ইসি/ টাফগর ৪০ ইসি/ প্রতি লিটার পানিতে ৩ মিলিলিটার হারে অথবা, মর্টার-৪৮ ইসি/ নাইট্রো-৫০৫ ইসি / মিগ-৫ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে স্প্রে করুন।

সুভাষ চন্দ্র দত্ত

উপ সহকারী কৃষি অফিসার

ডবলমুরিং, চট্টগ্রাম।

ই-মেইল: ‍subhashdutta777@gmail.com

Comments